সিএনজিচালিত গণপরিবহনে ভাড়া বাড়ল
সিএনজিচালিত বাস, মিনিবাস ও অটোরিকশার ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ অক্টোবর থেকে সিএনজিচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১০ পয়সা বাড়বে। এ ছাড়া প্রথম দুই কিলোমিটারে অটোরিকশার ন্যূনতম ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে অটোরিকশার বর্ধিত ভাড়া কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বৈঠকের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, সিএনজিতে চলে না—এমন গণপরিবহনের ভাড়া বাড়বে না।
দূরপাল্লার বাসের ভাড়া বাড়বে কি না—এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দূরপাল্লার বাসের ভাড়া বাড়বে না। কারণ, দূরপাল্লার বাস সিএনজিতে চলে না।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, বিআরটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ডিটিসিএর নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেন, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীসহ ডিএমপি, সিএমপির প্রতিনিধি ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাস ও মিনিবাস: ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর সর্বশেষ ভাড়া নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামে আগে সিএনজিচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ছিল এক টাকা ৬০ পয়সা। এখন তা বেড়ে হয়েছে এক টাকা ৭০ পয়সা। তবে বিদ্যমান সর্বনিম্ন ভাড়া সাত টাকা ঠিকই থাকবে।
আগে মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ছিল এক টাকা ৫০ পয়সা, এখন তা বেড়ে এক টাকা ৬০ পয়সা হয়েছে। তবে ন্যূনতম ভাড়া পাঁচ টাকা ঠিকই থাকবে।
ঢাকা ও চট্টগ্রাম ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার বাস ও মিনিবাসের ভাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাস ও মিনিবাসের সমান হবে।
সিএনজিচালিত অটোরিকশা: আগে প্রথম দুই কিলোমিটারে অটোরিকশার ভাড়া ছিল ২৫ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৪০ টাকা। পরের প্রতি কিলোমিটারে আগে ছিল সাত দশমিক ৬৪ টাকা। এখন সেটি হলো ১২ টাকা। প্রতি মিনিটের অপেক্ষার জন্য আগে ভাড়া ছিল এক দশমিক ৪০ টাকা। এখন সেটি বেড়ে হবে দুই টাকা। মালিককে অটোরিকশার জন্য প্রতিদিনের জমা বাবদ দিতে হতো ৬০০ টাকা। এখন তা বেড়ে ৯০০ টাকা হয়েছে। আগে যেকোনো দূরত্বে যাত্রী পরিবহনে সর্বনিম্ন ভাড়া ছিল ২৫ টাকা। এখন সেটি ৪০ টাকা হবে।
যাত্রী কল্যাণ সমিতির প্রত্যাখ্যান: গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। দেশের যাত্রীদের প্রতিনিধিত্বকারী সংগঠনটির দাবি, সঠিক ব্যয় বিশ্লেষণ করা হলে এবং ভুয়া ও অযৌক্তিক ব্যয় বাদ দেওয়া গেলে বর্তমান বিদ্যমান ভাড়া আরও কমে আসত।
আজ বৃহস্পতিবার গণপরিবহনের ভাড়া বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পর সংগঠনের চেয়ারম্যান শরীফ রফিকউজ্জামান ও মহাসচিব মো. মোজাম্মেল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাড়া নিয়ে সঠিক চিত্র বেরিয়ে আসবে—সেই ভয়ে সরকার যাত্রী প্রতিনিধি বাদ দিয়ে শুধু মালিক-শ্রমিকদের নিয়ে সভা করেছে। এতে যাত্রী স্বার্থ চরমভাবে উপেক্ষিত হয়েছে। ভাড়া নৈরাজ্যকে আরও উসকে দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের কারণে দেশের সাধারণ জনগণের ভোগান্তি বাড়বে। তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, জ্বালানির মূল্য বৃদ্ধির আগেই মালিক-শ্রমিকদের স্বার্থে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ৬০ ভাগ বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রচেষ্টা চালায়। নামমাত্র জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও বাস ভাড়া কয়েক গুণ বাড়ানো হয়েছে। নতুন গাড়ি দেখিয়ে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের পুরোনো লক্কড়-ঝক্কড়, মেয়াদ উত্তীর্ণ বাস ও অটোরিকশার ভাড়া বৃদ্ধি করা যাত্রীদের সঙ্গে প্রতারণা করার শামিল। তাই পুরোনো গাড়ির ও নতুন গাড়ির আলাদা আলাদা ভাড়া নির্ধারণ করা জরুরি। সরকারের সিদ্ধান্তে মালিক-শ্রমিকদের স্বার্থ একচেটিয়াভাবে প্রাধান্য পেয়েছে। এটা বর্তমান সরকারের গণমুখী নীতির পরিপন্থী।
অারও পড়ুন :-