৫০ হাজার পরিবারের বর্জ্য সংগ্রহ হবে
ঢাকা-চট্টগ্রামের ছয় আবাসিক এলাকার বর্জ্য ব্যবস্থাপনা শুরু
দেশে প্রথমবারের মতো সরকারিভাবে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হয়েছে। রাজধানী ও চট্টগ্রামের ছয়টি আবাসিক এলাকার বর্জ্য বাসা থেকে সংগ্রহ করে তা পুনর্ব্যবহার ও ব্যবস্থাপনা করা হবে। এ জন্য পরিবেশ অধিদপ্তর বর্জ্যের পরিমাণ হ্রাস, পুনর্ব্যবহার ও পুনঃ চক্রায়ন প্রকল্প নামে একটি পাইলট কার্যক্রম চালু করেছে।প্রাথমিকভাবে রাজধানীর ধানমন্ডি, বারিধারা, গুলশান, মিন্টো রোড ও গণভবন এলাকা এবং চট্টগ্রাম শহরের খুলশী ও নাসিরাবাদ এলাকায় এ পাইলট প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের অর্থায়নে ১৯ কোটি নয় লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা সিটি করপোরেশন এই কার্যক্রম শুরু করেছে। প্রকল্প এলাকার ৫০ হাজার পরিবারের দুই লাখ ৫০ হাজার মানুষের বর্জ্য সংগ্রহ করে তা ব্যবস্থাপনা করা হবে।বর্জ্য রাখার জন্য গুলশান, গণভবন (মোহাম্মদপুর), ধানমন্ডি ও আজিমপুর এলাকায় তিন ধরনের মোট ৭০ হাজার বিন দেওয়া হবে। বর্জ্য সংগ্রহের জন্য এসব এলাকায় ১৮০টি রিকশাভ্যান সরবরাহ করা হবে। গতকাল শুক্রবার সকাল ১০টায় রাজধানীর শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে এ প্রকল্পের উদ্বোধন করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সাংসদ শেখ ফজলে নূর তাপস। অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মেছবাহ উল আলম বলেন, বর্তমানে দেশের শহরাঞ্চলে প্রতিদিন ১৭ হাজার মেট্রিক টন কঠিন বর্জ্যের সৃষ্টি হচ্ছে। এ প্রকল্প থেকে গরিব মানুষ যারা বর্জ্য সংগ্রহ করবে, তারাও লাভবান হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক অপরূপ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন, ঢাকা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বি কে সাহা।