ঢাকা-চুয়াডাঙ্গা: বাসে ইচ্ছেমতো ভাড়া আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী বাসের যাত্রীদের কাছে থেকে মালিকেরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যান্য বার ঈদের এক সপ্তাহ আগে ভাড়া বাড়ানো হলেও এবার ১২ দিন আগে থেকেই বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এতে নিয়মিত যাত্রীদের পাশাপাশি ঈদে ঘরমুখো যাত্রীরা বিপাকে পড়েছেন। চুয়াডাঙ্গার আইনজীবী রফিকুল ইসলাম অভিযোগ করেন, নিরাপত্তাসহ বিভিন্ন অজুহাতে পরিবহন মালিকেরা বাড়তি ভাড়া আদায় করলেও যাত্রীদের নিরাপত্তামূলক কোনো উদ্যোগ চোখে পড়েনি। চুয়াডাঙ্গা-ঢাকা পথে ১৫টি পরিবহনের ৬০টি বাস চলাচল করে। বাসগুলো চুয়াডাঙ্গা জেলা সদর, আলমডাঙ্গা, দর্শনা, জীবননগর, কার্পাসডাঙ্গা বাজার থেকে চলাচল করে। অন্য সময়ে স্যালুন কোচগুলোয় যাত্রীপ্রতি ২৫০ টাকা এবং সাধারণ কোচগুলোয় ১৫০ টাকা ভাড়া আদায় করা হলেও গত ২৯ আগস্ট থেকে ঢাকার গাবতলী কাউন্টারে চুয়াডাঙ্গাগামী যাত্রীপ্রতি ৩০০ থেকে ৩৮০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মণ্ডল জানান, ঈদের আগে ও পরে বাসভাড়া বাড়ানো হলেও তা কেবলমাত্র মালিকেরাই ভোগ করেন। চালক-সুপারভাইজরদের কোনো সুবিধা থাকে না। পূর্বাশা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মুন্সী আলমগীর দাবি করেন, চুয়াডাঙ্গা-ঢাকা পথে ভাড়া বরাবরই ৩৮০ টাকা ছিল। কিন্তু যাত্রীদের স্বার্থ বিবেচনা করে স্যালুন কোচের মালিকেরা এত দিন ২৫০ টাকা হারে ভাড়া নিয়ে আসছিলেন। তবে অন্যান্য মালিকেরা জানান, ঈদের আগে ও পরে যাত্রী চলাচল একমুখী হওয়ায় প্রচলিত ভাড়া নিলে লোকসান হবে। পাশাপশি যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন জায়গায় পুলিশি টহল বাড়াতে খরচপাতির প্রয়োজন হয়। সে কারণে ভাড়া কিছুটা বাড়ানো হয়েছে। ঈদের সাত দিন পর আগের মতো ২৫০ টাকা করে আদায় করা হবে। জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মঈনুদ্দীন জানান, ভাড়া বৃদ্ধিতে তাঁদের হাত নেই। ঢাকায় মালিক সমিতির যৌথ সভায় ভাড়া বাড়িয়ে আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রশাসনিকভাবে বরাবরই ব্যবস্থা নেওয়া হয়।