ঢাকা ছাড়লেন তুরস্কের তিন কূটনীতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের গত মাসের ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বজুড়ে যে তিন শ কূটনীতিকের জড়িত থাকার অভিযোগ উঠেছে, তার মধ্যে ঢাকার চার্জ দ্য অ্যাফেয়ার্স আহমেদ গুরবুজসহ তিনজন রয়েছেন। তাঁদের তিনজনকে দেশে ফিরতে বলা হলেও গত মাসের শেষ দিকে আহমেদ গুরবুজসহ দুজন নিউইয়র্কে এবং একজন মস্কোতে চলে গেছেন।
সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
অন্য একজন সরকারি কর্মকর্তা গতকাল রাতে এই প্রতিবেদককে জানান, প্রায় তিন মাস দেশে কাটিয়ে আজ শুক্রবার ঢাকায় ফিরছেন তুরস্কের রাষ্ট্রদূত দেউরিম ওজতুর্ক। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ার পর তাঁকে আলোচনার জন্য দেশে নিয়ে যায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এরপর পাল্টা পদক্ষেপ হিসেবে আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকীকে আলোচনার জন্য সরকার ঢাকায় ফিরিয়ে আনে। গত বুধবার আঙ্কারায় ফিরে গেছেন আল্লামা সিদ্দিকী। মূলত নিজামীর ফাঁসি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষোভ জানানোয় দুই দেশের মধ্যে সাময়িক অস্থিরতা সৃষ্টি হয়।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স গতকাল জানিয়েছে, ১৫ জুলাইয়ের অভ্যুত্থানের চক্রান্তের সঙ্গে যুক্ত সারা বিশ্বে দুজন রাষ্ট্রদূতসহ তুরস্কের প্রায় তিন শ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। তাঁদের মধ্যে বাংলাদেশে কর্মরত দুজন নিউইয়র্কে এবং অন্যজন জাপান হয়ে মস্কো চলে গেছেন।
গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তুরস্কের ওই তিন কূটনীতিকের ঢাকা ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গত ২৮ জুলাই তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসকে এক চিঠিতে জানায়, মাহমুত বুরাককে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ঢাকায় তুরস্কের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগ করা হয়েছে। অথচ ওই সময় ওই পদে দায়িত্ব পালন করছিলেন আহমেদ গুরবুজ। পরে ১ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো এক চিঠিতে তুরস্ক জানায়, দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আহমেদ গুরবুজ, তৃতীয় সচিব সেমিলেনুর গুরবুজ ও অ্যাটাশে পদে একজনসহ তিনজনের তুরস্কের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে।