ঢাকা ছাড়লেন মাহমুদ আব্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস। আজ শুক্রবার বেলা ৩টার দিকে একটি বিশেষ বিমানে করে বাংলাদেশ ত্যাগ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাঁকে বিদায় জানান।

এর আগে লা মেরিডিয়ান হোটেলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি ‘নির্যাতিত মুসলিম বিশ্বের প্রতীক’ ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে বলেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষ ফিলিস্তিনিদের পাশে আছে।

রওশন এরশাদ বলেন, ‘১৯৬৭ পূর্ববর্তী নিজস্ব ভূখণ্ড নিয়ে আমরা অবিলম্বে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ফিলিস্তিন দেখতে চাই।’ ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস তাঁদের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘বিশ্বের ১২৯টি দেশ ফিলিস্তিনের ন্যায্য অধিকার ও জাতিসত্তার প্রতি সমর্থন জানিয়েছে।’

রওশন এরশাদ জাতীয় পার্টি সরকারের আমলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের সমর্থন ও সহযোগিতার কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘পরবর্তীতে বাংলাদেশের সব সরকার এ ধারা অব্যাহত রেখেছে।’

মুসলমানদের প্রথম কেবলা এবং তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে ইসরায়েল সরকার কর্তৃক মুসলমানদের প্রবেশে বাধা আরোপ করার তীব্র নিন্দা জানান বিরোধীদলীয় নেতা।

বর্তমান বিশ্ব-বাস্তবতায় ফিলিস্তিনিদের প্রতি মুসলিম বিশ্বের জোরালো সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি। পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি আগ্রাসন ও অবৈধ বসতি স্থাপন বন্ধে বিশ্ব নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

সৌজন্য সাক্ষাৎকালে এ সময় উপস্থিত ছিলেন জাপার সাংসদ ফখরুল ইমাম, সেলিম উদ্দিন, নূরুল ইসলাম ওমর, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, রওশন আরা মান্না, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালকী, প্রধান বিচারপতি মাহমুদ আল হাব্বাশ, রাষ্ট্রপতির মুখপাত্র নাবিল আবুরুদ্দাইনাহ, কূটনীতিবিষয়ক উপদেষ্টা মাজদি খালিদ প্রমুখ।