ঢাকা ছাড়লেন সুজাতা সিং
ভারতীয় পররাষ্ট্রসচিব সুজাতা সিং আজ বৃহস্পতিবার সকাল আটটা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করেছেন। ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে তাঁকে বিদায় জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন।
গতকাল বুধবার সাড়ে ২১ ঘণ্টার সফরে ঢাকায় এসেছিলেন তিনি। ঢাকায় পৌঁছার পর তিনি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এরপর সুজাতা সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে তিনি বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে ভারতের অবস্থান তুলে ধরেন।
সন্ধ্যায় তিনি পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া তিনি জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন। তিনি বলেন, ভারত মনে করে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে নির্বাচন হওয়া জরুরি। এই নির্বাচনে সর্বোচ্চসংখ্যক দলের অংশ গ্রহণ থাকা উচিত।