ঢাকা ছেড়েছেন এনআইএর প্রতিনিধিরা
ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) ঢাকা সফরের পর জঙ্গি-সন্ত্রাসীদের ব্যাপারে তথ্য সংগ্রহে ভারত যাচ্ছে পুলিশের একটি দল। এনআইএ ও বাংলাদেশ পুলিশের মধ্যে কয়েক দফা বৈঠকের পর এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার এনআইএর দলটি ঢাকা ছেড়েছে।
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, এখন অপরাধী গ্রেপ্তার বা যেকোনো রহস্য উদ্ঘাটনে দুই দেশ পরস্পরকে সহযোগিতা করবে। এ জন্য পারস্পরিক যোগাযোগ বাড়ানো হচ্ছে। জঙ্গিদের ব্যাপারে তথ্য সংগ্রহে প্রয়োজনে পুলিশের দলটি ভারতে যাবে।
বর্ধমানে বিস্ফোরণের ব্যাপারে তথ্য সংগ্রহে এনআইএয়ের চার সদস্যের একটি দল গত সোমবার ঢাকায় আসে। এনআইএয়ের মহাপরিচালক শারদ কুমার এ দলের প্রধান। এনআইয়ের মহাপরিদর্শক সঞ্জীব কুমার সিং এবং ডিআইজি অনুরাগ তানখা ছাড়া সংস্থার আরও এক সদস্য তাঁদের সঙ্গে ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত ছয় সদস্যের একটি কমিটি তাঁদের সঙ্গে আলোচনা করে। এনআইয়ের দলটি ঢাকায় এসে পুলিশ সদর দপ্তর, র্যাব সদর দপ্তর ও একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০ জঙ্গি ও ৪১ শীর্ষ সন্ত্রাসীর তালিকা এনআইএকে দেওয়া হয়। অপর দিকে এনআইয়ের পক্ষ থেকে বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন পলাতক ১১ জঙ্গির তালিকা দেওয়া হয়। এসব তালিকা থাকা জঙ্গিদের ব্যাপারে বাংলাদেশের কাছে থাকা তথ্য এনআইকে দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের ব্যাপারে এখন দুই দেশই তথ্যবিনিময় করার ব্যাপারে একমত হয়েছে।