ঢাকা ছেড়েছেন জয়শঙ্কর
ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরে আমন্ত্রণ জানাতে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়গুলো নিয়ে দ্বিপক্ষীয় পর্যালোচনা করতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে গতকাল বৃহস্পতিবার বিকেলে জয়শঙ্কর বৈঠক করেন।
সফরকালে জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল বিকেলে সাক্ষাৎ করেন। এ বছরের এপ্রিলে ভারত সফরের জন্য সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। পরে বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে আগামী এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিষয়টি চূড়ান্ত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ, জ্বালানি, উন্নয়ন অংশীদারত্ব, সক্ষমতাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে ভারতের সহযোগিতার প্রশংসা করেন।
পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান সহযোগিতার অগ্রগতির ক্ষেত্রে ঐকমত্যসহ আরও নতুন এবং উদ্ভাবনী কিছু বিষয়ের সহযোগিতায় তাঁরা উভয়ে সন্তোষ প্রকাশ করেন।