ঢাকা ছেড়েছেন জয়শঙ্কর
বাংলাদেশে দুই দিনের সফর শেষে ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন গতকাল শুক্রবার সকালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানানোর জন্য গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা আসেন ভারতের পররাষ্ট্রসচিব।
ওই দিন বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ভারত সফরের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র তুলে দেন জয়শঙ্কর।
সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে আগামী এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিষয়টি চূড়ান্ত করেন জয়শঙ্কর। শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের পক্ষে ভারত সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। এ ছাড়া দুই পররাষ্ট্রসচিব নতুন ও সৃজনশীল কিছু ক্ষেত্রের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে একমত হন।
জয়শঙ্করের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ, জ্বালানি, উন্নয়ন অংশীদারত্ব এবং সক্ষমতাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে ভারতের সহযোগিতার প্রশংসা করেন।