ঢাকা জেলা আ.লীগের বর্ধিত সভায় হট্টগোল
দুই প্রতিমন্ত্রীর পক্ষে-বিপক্ষে বক্তব্য দেওয়া নিয়ে গতকাল রোববার ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তুমুল হট্টগোল হয়েছে।বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির সভায় সাময়িক বিরতি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে উপস্থিত সূত্রে জানা গেছে। অবশ্য পরে শান্তিপূর্ণভাবে সভা শেষ এবং দলীয় সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন হয়।রাজধানীর ইম্পেরিয়াল হোটেলে ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। সভা সূত্র জানায়, সভায় তৃণমূল নেতাদের অভিযোগ, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা তাঁদের মূল্যায়ন করেন না। সূত্র জানায়, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান, একই উপজেলার নয়নশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের বিরুদ্ধে তাঁদের মূল্যায়ন না করার অভিযোগ করেন। সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে একই অভিযোগ করেন। তাঁদের বক্তৃতার সময় দুই প্রতিমন্ত্রীর পক্ষের নেতারা প্রচণ্ড বিরোধিতা করেন। দুই পক্ষের বাদানুবাদে প্রচণ্ড হট্টগোলের সৃষ্টি হয়।