ঢাকা জেলা জজ জাহাঙ্গীর হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলা ও দায়রা জজ পদে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন) মো. জাহাঙ্গীর হোসেনকে গতকাল মঙ্গলবার নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে প্রায় ২০০ জনকে ডিঙানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাধারণত জ্যেষ্ঠতম বিচারকদের মধ্য থেকে ঢাকা জেলা জজ নিয়োগের রেওয়াজ থাকলেও এই নিয়োগের বেলায় তার ব্যত্যয় ঘটেছে।জাহাঙ্গীর হোসেন ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি চাকরিতে যোগ দেন। ২০০১ সালে সরকারিভাবে প্রকাশিত জ্যেষ্ঠতার তালিকায় তাঁর ক্রমিক ছিল ৩৩২। এরপর কোনো তালিকা ছাপা হয়নি। তিনি কনিষ্ঠ জেলা জজদের অন্যতম। দায়িত্বশীল সূত্র জানায়, বর্তমান জ্যেষ্ঠতার তালিকায় তাঁর নাম ১৯০ থেকে ২০৭-এর মধ্যে। বর্তমানে ১০-১৫ বছরে অভিজ্ঞতাসম্পন্ন জেলা জজদের সংখ্যা ত্রিশের কম হবে না। জানা যায়, জাহাঙ্গীর হোসেন গত বছর জেলা জজ হন। ঢাকা জেলা জজ পদে কনিষ্ঠ বিচারক নিয়োগ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক জেলা জজ মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগেও জেলা জজ নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে। তবে আগে চার-পাঁচজনকে ডিঙাতে দেখা গেছে। এত অধিকসংখ্যক ব্যক্তিকে ডিঙিয়ে ঢাকা জেলা জজ নিয়োগের ঘটনা আগে ঘটেনি বলে জানান তিনি।