ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক সচিব গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর ঢাকা জেলার (উত্তর) রাজনৈতিক সচিব হাসান মাহাবুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভার উপজেলা পরিষদের চত্বর থেকে গতকাল রোববার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি সাভার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর এলাকার ডগরমোড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর শীর্ষপর্যায়ের নেতাদের গ্রেপ্তারের পর জামায়াতের এই নেতা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য নানা অপতৎপরতা চালিয়ে আসছিলেন। এ-সংক্রান্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে গ্রেপ্তার করা হয়। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান গতকাল রাতে জানান, গ্রেপ্তার করা হাসান মাহাবুব সরকারবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।