ঢাকা জেলা প্রশাসককে বিএনপি-জামায়াতের পৃথক স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের ব্যর্থতা ও অত্যাচার-নির্যাতনের প্রতিবাদে প্রধান বিরোধী দল বিএনপি গতকাল মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। ঢাকা জেলা বিএনপির পক্ষে সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক আমানউল্লাহ বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক মো. মুহিবল হকের কাছে স্মারকলিপি দেন। প্রায় একই দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীও আলাদাভাবে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।গত ৩০ নভেম্বর হরতালে বিএনপি নেতা-কর্মীদের ওপর পুলিশি নির্যাতন, গ্রেপ্তার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, গ্যাস-পানি-বিদ্যুৎ সংকট, খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ, নাটোরে সানাউল্লাহ নূর হত্যাকাণ্ড, ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম অপহরণসহ সরকারের জুলুম-নির্যাতন বন্ধ এবং ভারতের সঙ্গে চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে বিএনপি এ স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে বলা হয়, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী ও বাকশালি মনোভাব প্রকাশ করেছে। এ অবস্থার পরিবর্তন আনতে হবে। গত ২ ডিসেম্বর মুক্তাঙ্গনে এক সমাবেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ, উপজেলা-থানা, জেলা ও মুক্তাঙ্গনে সমাবেশসহ তিন দিনের পৃথক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ১ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়।বিভিন্ন জেলায় স্মারকলিপি: সারা দেশে নিজ নিজ জেলার নেতারা জেলা প্রশাসকের কাছে অনুরূপ স্মারকলিপি দিয়েছেন বলে বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে। খুলনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন। এর আগে তাঁরা নগরে বিক্ষোভ-সমাবেশ করেন। এ ছাড়া বাগেরহাটে জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, খাগড়াছড়িতে জেলা সভাপতি ওয়াদুদ ভুঁইয়া, চুয়াডাঙ্গায় জেলা সভাপতি অহিদুল ইসলাম, ঝিনাইদহে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান ও বরিশালে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীমা আকবরের নেতৃত্বে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দেওয়া হয়। জামায়াতের স্মারকলিপি পেশ: নয় দফা দাবিতে জামায়াতে ইসলামী গতকাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে অবিলম্বে গ্যাস-বিদ্যুৎ-পানি সমস্যার সমাধান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর দাবি জানানো হয়। এ ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, ভারতের সঙ্গে চুক্তি বাতিল, জামায়াত নেতাদের মুক্তি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল, জামায়াতের কর্মসূচি পালনে বাধা না দেওয়া ও ইসলামি রাজনীতি বন্ধের ষড়যন্ত্র বাতিলের দাবি জানানো হয়।