ঢাকা জেলার ১০৫০ গৃহহীন পরিবার পাচ্ছে ঘর
ঢাকা জেলার ১ হাজার ৫০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে দেওয়া হচ্ছে জমি ও ঘর।
আজ বৃহস্পতিবার ঢাকার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
লিখিত বক্তব্যে জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, মুজিব বর্ষে বাংলাদেশের একজনও মানুষ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা জেলার মোট ১ হাজার ৫০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি ও ঘর দেওয়া হচ্ছে। প্রতিটি পরিবারের পক্ষে ২ শতাংশ জমি বরাদ্দ দেওয়া হচ্ছে।
২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের ঘর দেওয়ার কার্যক্রম উদ্বোধন করবেন।
জেলা প্রশাসক আরও বলেন, ঢাকা জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে গৃহহীনদের জন্য প্রতিটি ঘর বানানো হয়েছে। ঢাকা জেলার মধ্যে সবচেয়ে বেশি ঘর পাচ্ছেন নবাবগঞ্জের গৃহহীন মানুষেরা। এই উপজেলায় ৭৭০টি গৃহহীন পরিবার ঘর ও জমি পাবেন। এ ছাড়া দোহার উপজেলার ১৯৮টি গৃহহীন পরিবার, সাভার উপজেলার ৪১টি পরিবার, ধামরাই উপজেলার ৩৬টি পরিবার এবং কেরানীগঞ্জ উপজেলায় ৫টি গৃহহীন পরিবার ঘর ও জমি বরাদ্দ পাবেন।
জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানান, গৃহহীনদের দেওয়া প্রতিটি ঘরে বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছে, বসানো হয়েছে গভীর নলকূপ ও স্বাস্থ্যসম্মত টয়লেট।
ঢাকা জেলা প্রশাসন সূত্র বলছে, মুজিব বর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহনির্মাণের মাধ্যমে পুনর্বাসনের জন্য ২০২০–২১ অর্থবছরে ৬৬ হাজার ১৮৯ ঘর বানানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইলিয়াস মেহেদী, জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবদুল আউয়াল, সহকারী কমিশনার শেখ মো. মামুনুর রশীদ, এম জামাল হোসেন প্রমুখ।