ঢাকা-জয়পুরহাট মহাসড়কে ডাকাতি থামছে না
ঢাকা-জয়পুরহাট মহাসড়কে ডাকাতি বেড়ে গেছে। গত দেড় মাসে এ সড়কে সাত-আটটি ডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতেরা যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে। এ কারণে যাত্রীদের মধ্যে ডাকাত-আতঙ্ক বিরাজ করছে। রোববার রাতে মহাসড়কের ক্ষেতলাল উপজেলার শালবন নামক স্থানে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এটিএন নিউজ’-এর একটি অনুষ্ঠানের নির্মাণ দল ডাকাতদের কবলে পড়ে। ডাকাতেরা প্রথমে গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে। পরে তারা মাইক্রোবাস থামিয়ে ওই অনুষ্ঠান ধারণ করার জন্য আসা ছয় সদস্যের কাছ থেকে ক্যামেরা, নয়টি মুঠোফোন ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে ক্যামেরাসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়।এর আগে ১৯ নভেম্বর রাতে কালাই উপজেলার মোলামগাড়ি বাজার-সংলগ্ন বাখড়া ব্রিজে গণ-ডাকাতি হয়। ডাকাতেরা একটি ট্রাক, একটি সিএনজি ও একটি ভটভটি থামিয়ে যাত্রী-চালকদের মারপিট করে নগদ টাকা-পয়সা ও মুঠোফোন লুট করে নিয়ে যায়। কয়েকদিন আগে গঙ্গাদাশপুর মোড় এলাকায় কয়েকটি সিএনজি অটোরিকশা আটকিয়ে ডাকাতেরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন লুট করে নিয়ে যায়। শ্যামলী পরিবহনের কালাই কাউন্টার ব্যবস্থাপক ইলিয়াস আখতার বলেন, ‘মহাসড়কে ডাকাতি বাড়ায় রাতের কোচে ভ্রমণকারী যাত্রীদের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে।’ কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, জয়পুরহাট-ঢাকা মহাসড়কে হঠা ৎ করেই ডাকাতির ঘটনা বেড়েছে। হিলি স্থলবন্দরে পণ্য আনা-নেওয়ার কাজে নিয়োজিত সব যানবাহন এ মহাসড়ক দিয়ে রাতেও চলাচল করে। সড়কটির নিরাপত্তার দায়িত্ব এখনো হাইওয়ে পুলিশকে দেওয়া হয়নি। জয়পুরহাটের পুলিশ সুপার মো. মোজাম্মেল হক জানান, সড়কে ডাকাতি বন্ধ করার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। তবে রাতে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেপ্তারসহ অন্যান্য কাজ করতে গিয়ে মহাসড়কে নজরদারি সেভাবে করা সম্ভব হয় না। এ কারণে ডাকাতির ঘটনা ঘটছে।