ঢাকা-টঙ্গী চতুর্থ ও টঙ্গী-জয়দেবপুর ডাবল রেললাইন নির্মাণ চুক্তি
ঢাকা-টঙ্গী চতুর্থ রেললাইন ও টঙ্গী-জয়দেবপুর রুটে ডাবল রেললাইন নির্মিত হলে কম সময়ের ব্যবধানে ট্রেন চলতে পারবে। ফলে আরও বেশিসংখ্যক যাত্রী পরিবহন করা যাবে। আজ মঙ্গলবার রাজধানীর রেলভবনে ঢাকা-টঙ্গী তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ রেললাইন এবং টঙ্গী-জয়দেবপুর দ্বিতীয় ডুয়েলগেজ রেললাইন নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।
রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘এই প্রকল্পটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত ঢোকা ও বের হওয়ার জন্য দুটি রুট ব্যবহার করতে হয়। আরও দুটি লাইন হলে কম সময়ের ব্যবধানে ট্রেন চলতে পারবে। এতে অধিক হারে যাত্রী পরিবহন করা যাবে।’
ঢাকা-টঙ্গী তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ রেললাইন এবং টঙ্গী-জয়দেবপুর দ্বিতীয় ডুয়েলগেজ রেললাইন ভারতের লাইন অব ক্রেডিটের অর্থায়নে নির্মিত হবে। ভারতীয় প্রতিষ্ঠান অ্যাফকন্স ও কল্পতরু পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড (কেপিটিএল) যৌথভাবে এর নির্মাণকাজ করবে। চুক্তি অনুযায়ী ১ হাজার ৩৯৩ কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকায় ৩৬ মাসের মধ্যে কাজ শেষ করবে নির্মাণকারী প্রতিষ্ঠান। চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আই) কাজী মো. রফিকুল আলম এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে অ্যাফকন্সের ভাইস প্রেসিডেন্ট অনুপ কুমার গুরু।
অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, বর্তমান সরকার রেল খাতের উন্নয়নে অধিক গুরুত্ব দিয়েছে। ফলে নতুন নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। এ সময় তিনি ভারতের অর্থায়নে যেসব প্রকল্প চলছে, সেগুলো উল্লেখ করেন। এ ছাড়া এলওসির অর্থায়নে যেসব প্রকল্প নেওয়া হয়েছে, যেমন বগুড়া-সিরাজগঞ্জ, খুলনা-দর্শনা ডাবল লাইন, পার্বতীপুর-কাউনিয়া রেললাইন নির্মাণ, সৈয়দপুর ওয়ার্কশপ নির্মাণের বিষয়টিও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মো. আমজাদ হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, অর্থায়নকারী ভারতীয় এক্সিম ব্যাংক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।