ঢাকা-টঙ্গী রুটে তৃতীয় ও চতুর্থ রেললাইন স্থাপনের দাবি
ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ রেললাইন স্থাপনের দাবি জানিয়েছে নগরের পরিবেশ ও নাগরিক অধিকার নিয়ে কাজ করা পাঁচটি সংগঠন। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানায়। পরিবেশ বাঁচাও আন্দোলন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), বিশ্বনাথপুর কো-অপারেটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ইউনাইটেড পিস ফাউন্ডেশন যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেললাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ঢাকা-টঙ্গী রুটে মাত্র দুটি লাইন থাকায় যাত্রী চাহিদা থাকার পরও নতুন ট্রেন চালু করা যাচ্ছে না। একই সঙ্গে ঢাকার সঙ্গে পূর্ব ও পশ্চিমাঞ্চলের ট্রেনের সময়সূচি ঠিক রাখা যাচ্ছে না। এ জন্য সরকার ২০১২ সালে ঢাকা-জয়দেবপুর রেললাইন চার লেনে উন্নীত করার প্রকল্প নিলেও দরপত্র জটিলতায় এখনো কাজ শুরু হয়নি। নাসফের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন মারুফ রহমান, তৈয়ব আলী, আতিক মোর্শেদ প্রমুখ।