ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন চালু করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার ক্ষমতায় এসে রেলের উন্নয়নের জন্য আলাদা মন্ত্রণালয় করেছে। রাজধানীর আশপাশের জেলাগুলোকে কমিউটার ট্রেনের আওতায় আনার ব্যবস্থা করা হচ্ছে। এরই অংশ হিসেবে টাঙ্গাইলের সঙ্গে ঢাকার কমিউটার ট্রেন চালু করা হবে।প্রধানমন্ত্রী গতকাল শনিবার সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনের পাশে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এর আগে তিনি বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে জামালপুরের তারাকান্দি পর্যন্ত ৪০ দশমিক ২০ কিলোমিটার রেললাইন উদ্বোধন করেন।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বর্তমান সরকারের আমলে নেওয়া টাঙ্গাইলের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি ভবিষ্যতে ক্ষমতায় এলে টাঙ্গাইলে মেডিকেল কলেজ স্থাপন এবং বঙ্গবন্ধু সেতু থেকে ঢাকা পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা হবে বলে ঘোষণা দেন।শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু সেতু থেকে তারাকান্দি পর্যন্ত রেল সংযোগ প্রকল্প এর আগেরবার ক্ষমতায় থাকার সময় আমরা শুরু করলেও চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর তা বন্ধ করে দেয়। আমরা আবার ক্ষমতায় এসে এটি শুরু করে শেষ করতে পেরেছি।’ তিনি দাবি করেন, বর্তমান সরকার গত সাড়ে তিন বছরে ১০ শতাংশ দারিদ্র্য বিমোচনে সক্ষম হয়েছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে রয়েছে। বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকারের সময় দেশে কোনো উন্নয়ন হয়নি। জঙ্গিবাদ, সন্ত্রাস আর দুর্নীতির উত্থান হয়েছে। আওয়ামী লীগ মানেই সার্বিকভাবে দেশের উন্নয়ন। আর বিএনপি মানেই সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি ও অর্থ পাচার।কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান। উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।পরে প্রধানমন্ত্রী একটি বিশেষ ট্রেনে তারাকান্দি যান। পথে ভূঞাপুর ও হেমনগরে দুটি স্টেশন উদ্বোধন করেন এবং পথসভায় ভাষণ দেন।