ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ রোববারও যানজট সৃষ্টি হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে চলা এই যানজটে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কে থেমে থেমে গাড়ি চলছে।

পুলিশ বলছে, ভোর থেকেই যানজট শুরু হয়েছে। পশুবোঝাই ট্রাকের চাপ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে যানজট হয়েছে। এ ছাড়া কোরবানি ঈদকে সামনে রেখে সড়কে রয়েছে ঘরমুখো মানুষের চাপও।

ঘটনাস্থল থেকে সকাল ১০টার দিকে আমাদের প্রতিনিধি জানান, ওই এলাকায় রাস্তার পাশে প্রায় ৮ /৯টি ফিলিং স্টেশন আছে। খাবার হোটেলের সংখ্যাও অনেক। যানবাহনগুলো এসব জায়গায় ঢোকা ও বের হওয়ার সময় যানজট সৃষ্টি হয়।

বেলা সাড়ে তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট ছাড়েনি। সড়কে থেমে থেমে গাড়ি চলছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেনের ভাষ্য, পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

গতকাল শনিবার ভোরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এবং এর আশপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এর রেশ চলে প্রায় সারা দিন। আজও ভোর থেকেই শুরু হয়েছে যানজট।