ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিক যানবাহনের চাপের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদ ও পূজা উপলক্ষে ঘরমুখো মানুষ দুর্ভোগে পড়েছেন ।
মির্জাপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) সাজেদুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যা থেকে এ মহাসড়কটিতে যানবাহনের চাপ বাড়তে থাকে। রাত ১১টার দিকে যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে তা বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পর্যন্ত ছড়িয়ে পড়ে। আজ ভোর থেকে যানজট কিছুটা কমতে শুরু করে। বর্তমানে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কে যানজট রয়েছে।
রংপুর থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের চালকের সহকারী সোহেল রানা (২৫) বলেন, গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পার হয়ে যানজটে পড়েন। আজ ভোর ছয়টার দিকে মির্জাপুর পৌঁছান।
মির্জাপরের গোড়াই হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলী বলেন, ঈদ ও পূজা উপলক্ষে রাস্তায় যানবাহনের অধিক চাপ রয়েছে। এ ছাড়া চালকেরা প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়েছে।