ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গত শুক্রবার সন্ধ্যার পর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল শনিবার বেলা ১১টা পর্যন্ত এ যানজট অব্যাহত ছিল। এতে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
এ ছাড়া যানজটের কারণে মালামালবোঝাই যানবাহনও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেনি।
যানবাহন চালক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় একটি ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হন। এতে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস সরিয়ে নেয়। কিন্তু কিছুক্ষণ পর বৃষ্টির কারণে যানবাহনের গতি কমে যায়। এ সময় মহাসড়কে ধীরে ধীরে যানজট লাগতে থাকে। এ ছাড়া গভীর রাতে মহাসড়কের মির্জাপুরের সোহাগপুর সেতুর ওপর ঢাকাগামী মাছবোঝাই একটি ট্রাক বিকল হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজট একপর্যায়ে চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। যা গতকাল সকাল থেকে কমতে থাকলেও ১১টা পর্যন্ত মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের দেলদুয়ারের নাটিয়াপাড়া পর্যন্ত বিস্তৃত ছিল।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই মোজাম্মেল হক বলেন, যানবাহনের চাপের পাশাপাশি বৃষ্টির কারণে যানবাহনের গতি কম থাকায় যানজট লাগে।