ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি
দুদিন পরেই ঈদ। তাই ছুটি পেয়ে ঘরমুখো মানুষের ঢল পড়েছে মহাসড়কে। অনেককে যাত্রাপথে যানজটে আটকা পড়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত দীর্ঘ যানজটে আটকে ছিল গাড়ি। গতকাল রাতে বঙ্গবন্ধু সেতুর পুর্ব পাড় থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ছিল এ জট। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে ঘরমুখো মানুষকে। তবে দুপুরের পর থেকে ধীরে ধীরে এ মহাসড়কে চলতে শুরু করেছে গাড়ি। রাত আটটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে থেমে থেমে চলছে যান।
ঘরমুখো যাত্রী ও পুলিশ সূত্র জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় হয়ে উত্তরবঙ্গে প্রায় ১১৭টি সড়কের যানবাহন চলাচল করে। ঈদের ছুটি শুরু হওয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে ঘরমুখো মানুষ যাতায়াত শুরু করে। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ ব্যাপকভাবে বৃদ্ধি পায়। গাজীপুর সদর, টঙ্গী, কালিয়াকৈরসহ আশপাশের শত শত পোশাক কারখানার শ্রমিক ছুটি পান একই দিন। একসঙ্গে সব কারখানা ছুটি এবং সরকারি ছুটি শুরু হওয়ায় সব মানুষ একসঙ্গে বাড়ির উদ্দেশে বেরিয়ে পড়েন। দুপুর দেড়টার পর থেকে মহাসড়ক দুইটিতে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। আজ শুক্রবার ভোরে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় একটি পশুবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। সকাল ১০ টার দিকে বিকল হওয়া ট্রাক পুলিশ রেকার দিয়ে সরিয়ে নিলে দুপুরের পর থেকে থেমে থেমে যান চলাচল শুরু হয়।
যানজট নিরসনে কালিয়াকৈর চন্দ্রা মোড়ে দায়িত্বরত গাজীপুরের সহকারী পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রথম আলোকে জানান, শুক্রবার ভোরে টাঙ্গাইলের কয়েকটি স্থানে গরুবাহী ট্রাক বিকল হওয়ায় এই যানজট শুরু হয়, যার প্রভাব পড়েছে গাজীপুরেও।
কোনাবাড়ি মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার হাসান জানান, টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনার পর ভোর রাত চারটা থেকে সকাল ১০টা পর্যন্ত কালিয়াকৈরের চন্দ্রা ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে ধারণÿক্ষমতার চেয়ে অতিরিক্ত গরুবোঝাই ট্রাক ও যাত্রী পরিবহনের গাড়ির আধিক্য থাকায় মাঝেমধ্যেই যানজট হচ্ছে। দুপুরের পর থেকে থেমে যান চলছে।
এমন যানজট পরিস্থিতিতে সড়ক ব্যবস্থাপনার গাফিলতিকে দুষছেন সাধারণ যাত্রী ও গাড়ির চালকেরা। আজ শুক্রবার সকাল থেকে মহাসড়ক ঘুরে দেখা গেছে যানজটের দৃশ্য। যানবাহনের চালক ও যাত্রীরা জানান, মহাসড়কে মির্জাপুর উপজেলার শুভুল্যা থেকে চন্দ্রা হয়ে কালিয়াকৈর-নবীনগর সড়কের বাইপাইল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবড়ি পর্যন্ত যানজট রয়েছে।
মির্জাপুরের সোহাগপুর এলাকায় বেলা ১টার দিকে আমাদের প্রতিবেদকের কথা হয় ফেনীতে ব্র্যাক কার্যালয়ে হিসাবরক্ষক হিসেবে কর্মরত সিরাজগঞ্জের মো. হাসিবুজ্জামানের। তিনি বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ফেনী হতে রওনা হন। শুক্রবার সকালে ঢাকা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তিনি। সকাল ৯টার মধ্যে বাড়ি পৌছানোর কথা থাকলেও যানজটে নাকাল হয়ে সবেমাত্র সোহাগপুর পাড়ি দিচ্ছেন। একই সময় স্টার লিট পরিবহনের সুপারভাইজার হাজি আলম বলেন, যানজটের কারণে ঠেলে ঠেলে বাস বোঝাই যাত্রী নিয়ে মাত্র পৌনে ২ ঘণ্টার রাস্তা প্রায় ৬ ঘণ্টায় ঢাকা থেকে সোহাগপুর এসেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন কর্মরত বিজি প্রেসের কম্পিউটার অপারেটর মোসাদ্দেক হোসাইন বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে যাওয়ার জন্য তিনি ভোর পাঁচটার দিকে এসআই পরিবহনে ওঠেন । ঢাকার বনানী পাড় হতেই যানজটে পড়েছেন। তবে এর মাত্রা বেড়েছে বাইপাইল থেকে। সঙ্গে স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে খুবই কষ্ট পোহাতে হচ্ছে। অপরদিকে যানজটের কারণে অনেককে যানজটের এলাকা হেঁটেও পাড় হতে দেখা গেছে।
গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান, যানজট নিরসনে গাজীপুরে ৪২টি পয়েন্টে ৪২টি টিম কাজ করছে। তার মধ্যে ১৯টি মোটরসাইকেল ও ৬টি গাড়ির টিম কাজ করছে। কালিয়াকৈর, মাওনা, চন্দ্রা, চান্দনা চৌরাস্তা ১৪টি আইপি ক্যামেরা এবং টঙ্গী, ভোগড়া ও চন্দ্রা এলাকায় তিনটি পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে। এ ছাড়া আট শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছে। এর বাইরে আরো কয়েক শ কমিউনিটি পুলিশও কাজ করছে।