ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট যাত্রীদের দুর্ভোগ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের কারণে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় শুরু হয়ে এ যানজট গতকাল বুধবার বেলা তিনটা পর্যন্ত স্থায়ী হয়।
থানা-পুলিশ, বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রী সূত্র জানায়, বিজয় দিবসের ছুটি ও আরও দুদিন সাপ্তাহিক ছুটি কাটাতে অনেক মানুষ পরিবারের সদস্যদের নিয়ে ঘরমুখো হন। এ কারণে মঙ্গলবার দুপুরের পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। বিকেল পাঁচটার দিকে মির্জাপুরের কর্ণী সেতুর ওপরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে মহাসড়কে যানবাহন চলাচল থেমে যায়। দুর্ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও বাস দুটি সরিয়ে নিতে পুলিশের প্রায় পৌনে এক ঘণ্টা সময় লাগে। এরপর যানবাহন চলাচল শুরু করলেও গতি একেবারেই কমে যায়। এ ছাড়া সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়তে শুরু করে। রাতে ঘন কুয়াশার কারণে চালকেরা ঠিকমতো যানবাহন চালাতে না পারায় একপর্যায়ে যানজট আরও বেড়ে চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটারে বিস্তৃত হয়। গতকাল বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমতে থাকে।
ঈশ্বরদী থেকে ঢাকাগামী বাসের চালক আমিরুল ইসলাম বলেন, বুধবার সকাল আটটায় ঈশ্বরদী থেকে রওনা হয়ে টাঙ্গাইলে যানজটে পড়েন। দুপুরের দিকে ঢাকা পৌঁছার কথা থাকলেও বিকেল পৌনে তিনটায় মির্জাপুরের দেওহাটা অতিক্রম করেন। গাজীপুরের মীরের বাজার থেকে রংপুরগামী পাইপবোঝাই ট্রাকের চালক মো. রাজু বলেন, মঙ্গলবার বিকেলে তিনি রংপুরের উদ্দেশে রওনা হন। বুধবার সকাল পৌনে নয়টায় তিনি মির্জাপুর অতিক্রম করেন।
মির্জাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, রাস্তার ওপর দুর্ঘটনার পাশাপাশি অতিরিক্ত চাপের কারণে রাতভর থেমে থেমে যানবাহন চলে, যা গতকাল দুপুর পর্যন্ত অব্যাহত থাকে। তবে দুপুরের পর তা স্বাভাবিক হয়।
কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি আবু দাউদ বলেন, মহান বিজয় দিবস ও আরও দুদিনের ছুটি থাকায় লোকজন বাড়ি যাচ্ছে। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ চেষ্টা চালিয়ে গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।