ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় গতকাল শুক্রবার একটি পোশাক তৈরির কারখানার একজন শ্রমিক কাভার্ড ভ্যান চাপায় আহত হন।ওই ঘটনার জের ধরে শ্রমিকেরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে যানবাহন ভাঙচুর করেন। এ সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হন।কারখানার শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হরিণহাটি এলাকার স্টারলিং গার্মেন্টস নামের একটি পোশাক তৈরির কারখানার শ্রমিক মুক্তার হোসেন (৩৫) গতকাল দুপুরে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গাজীপুরগামী একটি কাভার্ড ভ্যান মুক্তার হোসেনকে চাপা দিয়ে চলে যায়। এতে মুক্তার হোসেন গুরুতর আহত হন। শ্রমিক আহত হওয়ার ঘটনা কারখানায় ছড়িয়ে পড়লে কারখানার শত শত শ্রমিক কাজ বন্ধ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সড়কের ওপর বিক্ষোভ মিছিল করেন।এ সময় উত্তেজিত শ্রমিকেরা মহাসড়কে থাকা অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেন। সড়ক অবরোধের ফলে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল ও আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় দিকে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ও গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা উল্টো পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় দুই ঘণ্টা শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলার পর একপর্যায়ে পুলিশ পিছু হটে। পরে অতিরিক্ত আরও শতাধিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকেরা আবার সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর আক্রমণ করতে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১ রাউন্ড শটগানের গুলি ও নয় রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়ক থেকে সরে যান। পরে বিকেল সাড়ে চারটার দিকে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় থানা পুলিশের এসআই আবদুর রশিদ, হারুনুর রশিদ, লিটন, কনস্টেবল মোহামঞ্চদ আলী, শাজাহান ও শিল্প পুলিশের পরিদর্শক কবীর হোসেনসহ অর্ধশতাধিক শ্রমিক ও পথচারী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে পুলিশের এসআই লিটন, আবদুর রশিদ ও কনস্টেবল শাজাহানকে সফিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করেছে। কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) জসিম উদ্দিন জানান, আহত শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর শিল্প পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) দেওয়ান লালন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১ রাউন্ড শটগানের গুলি ও নয় রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে।