ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাছ ফেলে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার সীমান্তবর্তী ডুবাইল এলাকায় গত বৃহস্পতিবার রাতে মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে ডাকাতি হয়েছে।
ডাকাতেরা মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রী, চালক ও সুপারভাইজারদের কাছ থেকে টাকা, মুঠোফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে জানা গেছে। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল বাইপাস থেকে গোড়াই পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এলাকার অনেকে জানান, বৃহস্পতিবার রাত একটার দিকে ডুবাইল এলাকায় একদল ডাকাত মহাসড়কের ওপর গাছের কয়েকটি গুঁড়ি ফেললে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ডাকাতেরা যানবাহনের যাত্রী, চালক ও সুপারভাইজাদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মুঠোফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত ও মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ও দেলদুয়ার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের ওপর থেকে গাছ সরিয়ে নিলে রাত তিনটার পর থেকে যানবাহন চলাচল শুরু হয়।