ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে গাড়ি চলছে। আজ সোমবার ভোররাত থেকে সকাল পর্যন্ত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পোষ্টকামুরি থেকে গোড়াই পর্যন্ত যানজট ছিল।
পুলিশ ও যানবাহনের চালকদের ভাষ্য, আজ ভোররাত চারটার দিকে মহাসড়কের করটিয়াতে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক রাস্তার ওপর উল্টে পড়ে। এ ছাড়া কালিয়াকৈরে আরও একটি ট্রাক দুর্ঘটনাকবলিত হয়। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। আজ ভোরে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি রাস্তার ওপর থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।
সকাল আটটার দিকে মহাসড়কের ধেরুয়া থেকে পাকুল্যা পর্যন্ত ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে যানবাহনের চাকার ঘর্ষণে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। এর মধ্যে ধেরুয়া রেলক্রসিংয়ে উড়ালসেতু না থাকার কারণে ট্রেন চলাচলের সময় যানবাহন থেমে থাকছে। রেলক্রসিংয়ের পূর্ব পাশে সৃষ্ট বড় ধরনের একটি গর্তের কারণে মালামালবোঝাই ট্রাকের চালু ইঞ্জিন বন্ধ হয়ে গতি থেমে যাচ্ছে। চালকদের আবার ইঞ্জিন চালু করে রওনা হতে হচ্ছে। এতে যানবাহনের দীর্ঘ সারি হয়ে যানজট বাড়ছে। মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাপ বেশি দেখা গেছে। টাঙ্গাইলগামী যানবাহনের গতি থাকলেও ঢাকামুখী যানবাহন ২০ মিনিট থামছে আবার ৫ মিনিট চলছে।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, বেলা ১১টার পর থেকে সড়কে থেমে থেমে গাড়ি চলছে।
কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, চন্দ্রা এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।