ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তীব্র যানজটে আটকে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ। ছবিটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাজাজোড়া এলাকার। ছবি: মাসুদ রানা
তীব্র যানজটে আটকে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ। ছবিটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাজাজোড়া এলাকার। ছবি: মাসুদ রানা

যানবাহনের চাপ ও গতকাল সোমবার রাতে সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল ও কালিয়াকৈর-নবীনগর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন। তবে আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার পর মহাসড়কের গাজীপুর অংশে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানা গেছে।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, গতকাল বিকেলে পোশাক কারখানা ছুটি হওয়ার পর মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে সন্ধ্যার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ধীরে তা তীব্র আকার ধারণ করে। এ ছাড়া রাত নয়টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর বাস ও ট্রাক এবং পৌনে ১০টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুর এলাকায় দুটি বাসের সংঘর্ষে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। শহর বাইপাসের সড়ক দুর্ঘটনায় দুজন মারা যান। ঘটনার প্রায় পৌনে এক ঘণ্টা পর মহাসড়কের ওপর থেকে জেলা পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহগুলো সরিয়ে নেয়। এরপর আস্তে আস্তে চলতে শুরু করে যানবাহন।
এদিকে যানবাহনের অতিরিক্ত চাপ ও মহাসড়কে দুর্ঘটনার কারণে একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট গাজীপুরের ভোগড়া থেকে টাঙ্গাইলের যমুনা সেতু পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। আজ মঙ্গলবার ভোর থেকে যানজট কিছুটা কমতে থাকে। এক পর্যায়ে মহাসড়কের করটিয়া থেকে চন্দ্রা হয়ে ভোগড়া পর্যন্ত ৫৫ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। এর মধ্যে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চন্দ্রা থেকে ভোগড়া পর্যন্ত যানবাহন একেবারেই স্থবির হয়ে ছিল। এ ছাড়া কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী থেকে চন্দ্রা পর্যন্ত ধীরে ধীরে চলছিল যাত্রীবাহী বাস ও গাড়ি। এতে ঈদে ঘরমুখো মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছিল। অসহ্য কষ্ট ভোগ করতে হয়েছিল নারী ও শিশুদের।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা প্রথম আলো ডটকমকে বলেন, মহাসড়কে যানজট নিরসনে মির্জাপুর থানার ২৪ জন পুলিশ সদস্য মোটরসাইকেলে পৃথক ১২টি ভ্রাম্যমাণ দলে কাজ করছেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবাইদুল আলম জানান, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের টাঙ্গাইল অংশে কর্মকর্তাসহ প্রায় ৪০০ পুলিশ সদস্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

গাজীপুরের কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর সিদ্দিক বলছিলেন, চন্দ্রা থেকে ভোগড়া পর্যন্ত কিছুটা যানজট রয়েছে। তবে যানবাহনের স্বাভাবিক চলাচল রাখতে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের অংশে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে আট শতাধিক পুলিশ কাজ করছে।