ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ৭০ কিলোমিটার এলাকাজুড়ে গতকাল শুক্রবার রাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পোহাচ্ছে যাত্রীরা।

যানজটে আটকে পড়া বাসযাত্রী দুলাল মিয়া জানান, তিনি গতকাল রাত ১২টার পর বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। আজ সকাল ১০টার দিকে তিনি মির্জাপুরের হাঁটুভাঙ্গা এলাকায় পৌঁছান। অন্য সময় এটুকু পথ পাড়ি দিতে সাড়ে তিন ঘণ্টার মতো লাগে।

ঢাকা থেকে রংপুরগামী নাবিল পরিবহনের সুপারভাইজার ফাহিম মিয়া বলেন, রাত একটার দিকে রংপুরের উদ্দেশে ঢাকা থেকে তাঁরা বাস নিয়ে রওনা হন। আজ সকাল সাড়ে আটটার দিকে মির্জাপুরের পাকুল্লায় পৌঁছান তাঁরা।

ট্রাকচালক ফকির আলী ‘প্রথম আলো’কে জানান, বেনাপোল থেকে তুলাবোঝাই ট্রাক নিয়ে তিনি গতকাল দুপুর ১২টার দিকে গাজীপুরের মৌচাকের উদ্দেশে রওনা হন। রাত ১১টার দিকে গাজীপুরের মৌচাকে পৌঁছানোর কথা থাকলেও আজ সকাল সোয়া ১০টা পর্যন্ত তিনি মির্জাপুরে যানজটে আটকে রয়েছেন।

টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান ‘প্রথম আলো’কে বলেন, টানা অবরোধের পর যানবাহন চলাচল শুরু হলে গতকাল বিকেল থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। রাতে মহাসড়কের বিভিন্ন স্থানে কয়েকটি যানবাহন বিকল হয়। এর সঙ্গে ঘন কুয়াশা মিলে এ যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে পুলিশ সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।