ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জাপুর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত তীব্র যানজট ছিল। ছবি: সোহেল মহসীন শিপন
মির্জাপুর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত তীব্র যানজট ছিল। ছবি: সোহেল মহসীন শিপন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল সোমবার গভীর রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত তীব্র যানজট ছিল। সড়ক বিভাজকের ওপর একটি ট্রাক উঠে যাওয়ায় এই যানজট দেখা দেয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কে ধীর গতিতে গাড়ি চলছে।
পুলিশ ও দুর্ভোগে পড়া গাড়ি চালকদের ভাষ্য, গতকাল দিবাগত রাত দুইটার দিকে মির্জাপুর উপজেলায় ওই মহাসড়কের ধেরুয়া রেলক্রসিংয়ের সড়ক বিভাজকের ওপর মালামাল বোঝাই একটি ট্রাক উঠে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ট্রাকটির একপাশ দিয়ে ধীরে ধীরে যানবাহন চলতে থাকলেও অতিরিক্ত যানবাহনের কারণে জট লেগে যায়। একপর্যায়ে টাঙ্গাইলের ঘারিন্দা থেকে চন্দ্রা হয়ে কালিয়াকৈর-নবীনগর সড়কের বাইপাইল পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার পর্যন্ত এ যানজট ছড়িয়ে পড়ে। ট্রাক চালকদের ভাষ্য, চন্দ্রা থেকে কোনাবাড়ি পর্যন্ত যানজট লাগে।
রংপুর থেকে ঢাকাগামী ডিআর পরিবহনের চালকের সহকারী আমিনুল ইসলামের ভাষ্য, গতকাল রাত আটটায় তাঁরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। পথে টাঙ্গাইলের ঘারিন্দা গিয়ে যানজটে আটকা পড়েন। ভোর পাঁচটার দিকে ঢাকা পৌঁছানোর কথা থাকলেও সকাল সাতটায় মির্জাপুর পার হন।

টাঙ্গাইল থেকে ঢাকাগামী বাবলু পরিবহনের চালকের সহকারী জহিরুল ইসলামের ভাষ্য, যানজটের কারণে তাঁরা মির্জাপুর থেকে গাড়ি ঘুরিয়ে টাঙ্গাইলের দিকে রওনা হয়েছেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবিরের ভাষ্য, সড়ক বিভাজকের ওপরে ওঠা ট্রাকটি টাঙ্গাইল জেলা পুলিশের রেকার দিয়ে আজ সকালে সরিয়ে নেওয়া হয়েছে। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।