ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

টাঙ্গাইলের মির্জাপুরের কুর্ণী থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে শুরু হওয়া এই যানজট আজ শুক্রবার সকাল ১০ টায়ও লক্ষ্য করা গেছে। যানজটে যাত্রী ও চালকেরা দুর্ভোগ পোহাচ্ছেন।
রুবেল মেহেদী নামের এক যাত্রী বলেন, তিনি দেশের বাইরে যাবেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সকাল আটটায় মির্জাপুর থেকে রওনা দিয়েছেন। দুই ঘণ্টায়ও মির্জাপুর থেকে চন্দ্রা যেতে পারেননি তিনি। ফ্লাইট পাওয়া নিয়ে তাঁর শঙ্কা তৈরি হয়েছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, গতকাল রাত ১০টার দিকে ঝড়-বৃষ্টির সময় মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী এলাকায় সড়কের ওপর গাছ পড়ে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। গাছটি সরিয়ে নেওয়া হলেও যানজট কমেনি। বর্তমানে চন্দ্রা থেকে টাঙ্গাইলের দিকে যানবাহন চলছে। তবে ঢাকার দিকে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।