ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট। ছবিটি আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: প্রথম আলো
ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট। ছবিটি আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: প্রথম আলো

মির্জাপুর উপজেলার কুর্নি থেকে করটিয়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার পাকুল্লা ও আছিমতলা এলাকায় পৃথক দুটি দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই যানজটের সৃষ্টি হয়।

মির্জাপুরের ট্রাফিক পুলিশ জানায়, ভোর চারটার দিকে মহাসড়কের পাকুল্লা এলাকায় টাঙ্গাইলগামী একটি ট্রাককে পেছন থেকে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার নিহত হন। আহত হন সাতজন। এ ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টা পর যান দুটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হলে চলাচল স্বাভাবিক হয়। পরে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়।

সকাল ৯টার দিকে উপজেলার আছিমতলায় একটি পিকআপ দুর্ঘটনা কবলিত হলে যান চলাচল ব্যাহত হয়। বেলা ১১টার দিকে মহাসড়কের ওই অংশ টাঙ্গাইলগামী যানবাহন থেমে থাকতে দেখা গেছে। ঢাকাগামী যানবাহন চলছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুরের ট্রাফিক সার্জেন্ট প্রণব কুমার সাহা বলেন, পাকুল্লা ও কদিমধল্যাতে রাস্তার ওই অংশে বাঁক আছে। আছিমতলা সেতুর ওপরে গর্তের কারণে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারে না। এর পাশাপাশি অতিরিক্ত যানবাহনের চাপের কারণে এখনো কিছুটা যানজট রয়েছে। তবে পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হচ্ছে।