ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এ যানজট গতকাল শুক্রবার বেলা ১১টা পর্যন্ত অব্যাহত থাকে।
পযানবাহনের চালকেরা জানান, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পাশাপাশি চলতি সপ্তাহের সোমবার জন্মাষ্টমী ও মঙ্গলবার জাতীয় শোক দিবসের ছুটি। এর সঙ্গে রোববার ঐচ্ছিক ছুটি নিয়ে পাঁচ দিন ছুটির সুযোগে অনেকে গত বৃহস্পতিবার বিকেল থেকে বাড়ি ফিরতে শুরু করেন। ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যাত্রীদের চাপ বাড়ায় মহাসড়কে যানজট বেড়ে যায়।
এ পরিস্থিতির মধ্যেই গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। টানা বৃষ্টির সময় যানবাহনের গতি কমে। এ ছাড়া পাকুল্যা, শুভুল্যা, মির্জাপুর, দেওহাটা, ধেরুয়া, সোহাগপুর ও গোড়াই এলাকায় মহাসড়কে বৃষ্টির কারণে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহনের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে। তা ছাড়া গভীর রাত থেকে গাজীপুরের চন্দ্রা থেকে ঢাকার দিকে ঠিকমতো গাড়ি চলাচল করতে পারেনি। এ কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে যানজট মহাসড়কের মির্জাপুরের গোড়াই থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়।
গতকাল সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কে গিয়ে দেখা যায়, টাঙ্গাইলগামী যানবাহন চললেও ঢাকাগামী যান একেবারেই থেমে রয়েছে। তবে বেলা ১১টার দিকে যানজট কমে যায় বলে পুলিশ জানিয়েছে।
ঢাকাগামী একটি ট্রাকের চালক জুলমত আলী জানান, যানজটের কারণে তিনি কুর্ণী থেকে মির্জাপুর বাইপাস পর্যন্ত মাত্র দুই কিলোমিটার রাস্তা দুই ঘণ্টায় পাড়ি দেন।
মির্জাপুরের ট্রাফিক সার্জেন্ট প্রণব কুমার সরকার জানান, বৃষ্টির কারণে রাস্তায় সৃষ্ট গর্ত, উল্টোপথে চালকদের গাড়ি চালানোর প্রবণতা ও মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী এলাকায় যান বিকল হওয়াতে যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।