ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড় এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো যানজটই ছিল না। স্বাভাবিক গতিতেই চলাচল করেছে যানবাহন। তবে সন্ধ্যার পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এ সময়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
চাকরিজীবী মো. আলাতাফ হোসেন। আজ ঢাকার বনানী এলাকা থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা যাওয়ার উদ্দেশে রওনা দেন। তিনি প্রথম আলোকে জানান, বেলা সাড়ে তিনটায় গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় পৌঁছান। সেখান থেকেই শুরু হয় যানজট। সাড়ে চারটার দিকে পৌঁছান ভোগড়া এলাকায়। আর ভোগড়া থেকে সফিপুর বাজার পর্যন্ত আসতে তাঁর সময় রাত সাড়ে আটটা। তিনি আরও বলেন, ভোগড়া থেকে মৌচাক এলাকা পর্যন্ত কোথাও পুলিশের দেখা পাওয়া যায়নি।
কালিয়াকৈর পরিবহনের চালক বাদশা মিয়া বলেন, গাজীপুরের ভোগড়া থেকে চন্দ্রা এলাকায় পৌঁছাতে তাঁর সময় লেগেছে প্রায় সাড়ে চার ঘণ্টা। তবে চন্দ্রা এসে তেমন কোনো যানজট পাওয়া যায়নি।
কোনাবাড়ী হাইওয়ের থানার ওসি হোসেন সরকার প্রথম আলোকে বলেন, সারা দিন যানজট ছিল না। সন্ধ্যার পর থেকে কারখানার শ্রমিকেরা বাড়ি যাওয়া শুরু করেন। যার কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসন করতে তাঁরা কাজ করে যাচ্ছেন।
চন্দ্রা ত্রিমোড় এলাকায় দায়িত্বে আছেন গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, মহাসড়কের কোনাবাড়ী এলাকায় রাস্তার চার লেনের কাজের জন্য কিছু যানজট রয়েছে। চন্দ্রা ও এর আশপাশে যানজট নেই। তবে যানবাহনের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।