ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দিনভর তীব্র যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে যানজটে আটকা পড়ে গতকাল বুধবার দিনভর যাত্রীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে। সারা দিন মির্জাপুর উপজেলার গোড়াইয়ের ক্যাডেট কলেজ এলাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত মহাসড়কের প্রায় ৩৮ কিলোমিটারে যানজট লেগে থাকে।
দীর্ঘ সময় যানজটের কারণে ঈদে ঘরমুখী মানুষসহ অসংখ্য যাত্রী দুর্ভোগে পড়ে। এ ছাড়া কোরবানির পশু ও পণ্যবাহী গাড়ির গন্তব্যে পৌঁছাতে দেরি হয়।
সারা দিন পর বিকেল সাড়ে চারটার দিকে যানবাহন কিছুটা চলতে শুরু করে। সাড়ে পাঁচটার দিকে গাড়ি চলাচলে স্বাভাবিক গতি আসে।
পুলিশ, ভুক্তভোগী যাত্রী ও যানবাহনের চালকেরা বলেন, গত মঙ্গলবার বিকেল থেকে হঠাৎ মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এর মধ্যে পশুবোঝাই ট্রাকের সংখ্যা বেশি ছিল। অতিরিক্ত যানবাহনের কারণে সন্ধ্যার পর থেকে মহাসড়কের গোড়াই, ধেরুয়া, দেওহাটা, মির্জাপুর, শুভুল্যা, পাকুল্যাসহ বিভিন্ন স্থানে থেমে থেমে যানজট লাগে। একপর্যায়ে যানজট রাতে ক্যাডেট কলেজ এলাকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত পৌঁছায়।
গতকাল বুধবার দিনের শুরুর দিকে যানজট কমতে থাকে। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে আবারও তা শুরু হয়। ওই সময় উত্তরাঞ্চলের দিকে যানবাহন থেমে থেমে চললেও ঢাকামুখী গাড়ি চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। বেলা একটার পর আবার থেমে থেমে এগোতে শুরু করে গাড়ির সারি। বেলা আড়াইটার দিকে আবার যানজট শুরু হয়। এ সময় গোড়াই থেকে করটিয়া পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ঢাকামুখী যানবাহন চলাচল বন্ধ থাকে।