ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছোট-বড় প্রচুর গর্তের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার বৃষ্টির পানিতে গর্তগুলো ভরে যায়। কয়েকটি স্থানে গর্তে পড়ে গাড়ি বিকল হওয়ার ঘটনাও ঘটে। ফলে সৃষ্টি হয় তীব্র যানজটের। আর চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা।অপরদিকে গতকাল বিকেলে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি যাত্রীবাহী বাস সড়কের উল্টো দিক দিয়ে যাওয়ার সময় দুই পথচারীকে ধাক্কা দিয়ে আহত করে। স্থানীয় জনতা ওই বাসটি আটক করে ভাঙচুর করে। এ সময় ওই বাসের কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। ফলে ওই মহাসড়কে যানজট আরও তীব্র হয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে, চলতি বর্ষা মৌসুমের বৃষ্টির কারণে মহাসড়কের কোনাবাড়ী এলাকা আগে থেকে সৃষ্টি হওয়া গর্তগুলো বিপজ্জনক রূপ নিয়েছে। কোনো কোনো স্থানে গর্তগুলো এতটাই গভীর যে, সেখান দিয়ে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কোনাবাড়ী বাজার এলাকার ২০০ থেকে ৩০০ মিটার সড়ক অতিক্রম করতে প্রতিটি গাড়ির সময় লাগছে ১৫ থেকে ২০ মিনিট। আবার এর মধ্যে একাধিক গাড়ি বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। ফলে কোনাবাড়ী থেকে সড়কের উভয় পাশে ১০ থেকে ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে কয়েক শ যানবাহন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় ওই মহাসড়কে সোমবার সকাল থেকেই দীর্ঘ যানজট লেগে রয়েছে। এর মধ্যে বিকেল সাড়ে চারটার দিকে তেলিরচালা এলাকার পূর্বাণী কারখানার সামনে আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কের উল্টো দিক দিয়ে চালিয়ে যাচ্ছিল। এ সময় ওই বাসের চাপায় শাহাদত হোসেন ও আলমাস নামের দুই ব্যক্তি আহত হন। পরে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে বাসটি ভাঙচুর করে। এতে ওই বাসের ১০ যাত্রী আহত হন। পরে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কোনাবাড়ী এলাকার ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, সড়কের বেহাল দশার কারণে নিত্যদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। দ্রুত সড়ক সংস্কার করা না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহজাহান বলেন, সড়ক ও জনপথ কর্তৃপক্ষকে সড়কের এ বেহাল দশার বিষয়টি অবহিত করা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।