ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে দুটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে ওই সড়কের উভয় দিকে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। প্রায় সারা দিন স্থায়ী এই যানজটে পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ছয়টার দিকে কোনাবাড়ীর বিসিক গেটের পাশে টাঙ্গাইলগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এর আধা ঘণ্টা পর সড়কের অপর পাশে গাজীপুরগামী আরেকটি ট্রাক বিকল হয়ে পড়ে। পরে খবর পেয়ে গাজীপুরের পুলিশকে রেকার নিয়ে আসতে বলে কোনাবাড়ী হাইওয়ে পুলিশ। গাজীপুর থেকে পুলিশের রেকার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে রাস্তার ওপর থেকে বিকল হওয়া ট্রাক দুটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। প্রায় ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় কালিয়াকৈর উপজেলার চন্দ্রা (পল্লী বিদ্যুৎ) পর্যন্ত এবং অন্যদিকে গাজীপুরের নাওজোড় পর্যন্ত দীর্ঘ ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।কোনাবাড়ী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম গতকাল রাত ১০টায় প্রথম আলোকে বলেন, দুপুরে বৃষ্টি হয়েছে। তাই সড়কের ভাঙা অংশে পানি জমে থাকায় ট্রাক ও বাসগুলো খুবই ধীরে চলছে। এ কারণে কোনাবাড়ী থেকে কালিয়াকৈরের চন্দ্রা ও জয়দেবপুর চৌরাস্তার বাইপাস পর্যন্ত দীর্ঘ যানজট লেগে আছে।