ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের পোস্টকামুরী চড়পাড়া থেকে করটিয়া পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় গতকাল সোমবার দিনভর বিশাল যানজটে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। এর আগে রোববার সারা রাত পুরো মহাসড়কে প্রায় ৭৫ কিলোমিটারজুড়ে যানজট লেগে থাকে।মির্জাপুরের জামুর্কিতে সেনাবাহিনীর দুর্ঘটনাকবলিত ট্যাংকবাহী লরি ও ট্যাংক উদ্ধারকাজের জন্যই ওই যানজটের সৃষ্টি হয়। তবে দুর্ঘটনার প্রায় ৫২ ঘণ্টা পর ট্যাংক এবং ৫৫ ঘণ্টা পর লরিটি গতকাল উদ্ধার করা হয়েছে।মির্জাপুরের গোড়াই মহাসড়ক পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে যশোর সেনানিবাস থেকে ২২ জন সেনাসদস্য গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে যাচ্ছিলেন। পথে মহাসড়কের ওই স্থানে বিপরীতমুখী একটি বাসের ধাক্কায় তাঁদের বহরে থাকা একটি ট্যাংকবাহী লরি খাদে পড়ে যায়। ওই দিন ঘাটাইল সেনানিবাস থেকে উদ্ধারকারী যান এনে ট্যাংকসহ লরিটি উদ্ধারের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরদিন রোববার দুপুরের দিকে সাভার ও রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে উদ্ধারকারী যান ও অপর একটি ট্যাংক এনে লরিটি উদ্ধারের কাজ শুরু হয়। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ। বিকল্প পথে যানবাহনগুলো মহাসড়কের করটিয়া থেকে বাসাইল-নলুয়া হয়ে গোড়াই সখীপুর সড়ক এবং টাঙ্গাইল-দেলদুয়ার-পাকুল্যা সড়ক দিয়ে যাতায়াত শুরু করে।কিন্তু সরু দুটি সড়কেই যানবাহনের চাপ বেশি থাকায় সেখানেও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। সন্ধ্যার পরও ট্যাংক ও লরি উদ্ধার করতে না পারায় সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজ স্থগিত রাখেন। এদিন গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৭৫ কিলোমিটার এলাকায় রাতভর যানজট লেগে থাকে।গতকাল সোমবার ভোরে যানজট কমতে শুরু করলেও সকালে পুনরায় উদ্ধারকাজ শুরু হয়। এ কারণে আবারও মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে মহাসড়কের পোস্টকামুরী চড়পাড়া থেকে করটিয়া পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটারজুড়ে দিনব্যাপী যানজটের সৃষ্টি হয়।তবে বেলা একটার দিকে দুর্ঘটনাকবলিত ট্যাংক এবং বিকেল চারটার দিকে লরিটি উদ্ধার করা সম্ভব হলে যানজট কমতে শুরু করে।