ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল শুক্রবার ছিল দিনভর তীব্র যানজট। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি কয়েকটি স্থানে দুর্ঘটনা ও যানবাহন বিকল হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। পণ্যবাহী ট্রাক সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেনি।
পুলিশ ও ভুক্তভোগী চালকেরা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের ধেরুয়া রেলক্রসিং এলাকায় একটি ট্রাক সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। রাত দেড়টার দিকে মির্জাপুরের জামুর্কী এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে যানজট মহাসড়কের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়। রাত তিনটার দিকে পুলিশ দুর্ঘটনাকবলিত যান রাস্তা থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়। তবে গতকাল সকাল ছয়টার দিকে পোষ্টকামুরী চড়পাড়া এলাকায় একটি ট্রাক বিকল হলে পুনরায় যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়। তবে এর প্রভাবে দিনভর যানজট অব্যাহত থাকে।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কে মির্জাপুরের জামুর্কী, পাকুল্যা, কদিমধল্যা, শুভুল্যা, কুর্ণী, মির্জাপুর, দেওহাটা, ধেরুয়া, গোড়াই ও স্কয়ার এলাকায় দিনভর থেমে থেমে যানজট ছিল। গতকাল বেলা আড়াইটায় জামুর্কী থেকে গোড়াই পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার এলাকায় যানজট ছিল। যানজটে আটকা পড়ে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের দুর্ভোগ ছিল বেশি।
ঢাকাগামী কাভার্ড ভ্যানচালক বাবুল হোসেন বলেন, গতকাল সকাল ছয়টার দিকে তিনি টাঙ্গাইলে যানজটে পড়েন। বেলা পৌনে ১১টায় তিনি মির্জাপুর পৌঁছান। ৩০ মিনিটের রাস্তা সাড়ে চার ঘণ্টায়ও পার হতে পারেননি তিনি।
যানচালক বাবুল হোসেন বলেন, ভোররাতে বঙ্গবন্ধু সেতু পাড়ি দিয়ে যানজটে পড়েন তিনি। বেলা সাড়ে ১১টায় মির্জাপুরের দেওহাটা পার হন। অথচ এইটুকু রাস্তা পার হতে ৪০-৪৫ মিনিট লাগার কথা।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন মুঠোফোনে বলেন, বেলা সোয়া দুইটার দিকেও মহাসড়কে যানজট ছিল। বিকেলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনা ও রাস্তায় যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা অব্যাহত রয়েছে।