ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কোনাবাড়ি থেকে টাঙ্গাইলের গোড়াই পর্যন্ত গত বৃহস্পতিবার রাত থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে বিভিন্ন যানবাহনের যাত্রীসহ শিল্পপ্রতিষ্ঠানের যানবাহন। এ যানজটের কারণে আধা ঘণ্টার পথ যেতে সময় লাগছে দুই-তিন ঘণ্টা।

চন্দ্রায় দায়িত্ব পালনরত সালনা হাইওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ হোসেন সরকার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই কালিয়াকৈরের চন্দ্রা-ত্রিমোড় ও আশপাশের এলাকাসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই পর্যন্ত গাড়ির চাপ বেড়ে যায়। মহাসড়কের এলোমেলো গাড়ি চলাচল, গাড়ি বিকল হওয়া ও দুই দিনের সাপ্তাহিক ছুটির কারণে ঘরমুখী যাত্রীবোঝাই অতিরিক্ত গাড়ির সংখ্যা বেড়ে যাওয়া ওই যানজটের সৃষ্টি হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ি এলাকায় উড়ালসড়ক নির্মাণ ও চার লেনের কাজের কারণে ওই এলাকায় মহাসড়কে যানজট হচ্ছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে হাইওয়ে পুলিশ। দুপুর ১২টার দিকে অনেকাংশে গাড়ির চাপ কমতে শুরু করলেও কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় যানজট অব্যাহত ছিল।

হানিফ পরিবহনের যাত্রী শরিফুল ইসলাম বলেন, টাঙ্গাইল যাওয়ার পথে সকাল আটটার দিকে ঢাকা থেকে চন্দ্রায় গিয়ে ওই যানজটের কবলে পড়েন তিনি। প্রায় এক ঘণ্টাও তাঁর বাসটি কালিয়াকৈর এলাকা অতিক্রম করতে পারেনি। অথচ চন্দ্রা থেকে কালিয়াকৈর বাজার এলাকা পার হতে পাঁচ মিনিটের পথ। একই কথা বলেন টাঙ্গাইল থেকে গাজীপুরগামী আবুল কাসেম। তিনি টাঙ্গাইল থেকে সকাল আটটায় বাসে উঠে দুপুর ১২টাও গাজীপুরে পৌঁছাতে পারেননি।

গোড়াই হাইওয়ে থানার পরিদর্শক মো. খলিলুর রহমান বলেন, গাজীপুরের কোনাবাড়ি এলাকায় পদচারী-সেতু ও চার লেন নির্মাণকাজ চলার কারণে ভোরে সেখান থেকে গোড়াই-কালিয়াকৈরের চন্দ্রা হয়ে গোড়াই যানজট সৃষ্টি হয়। তবে দুপুরে ঢাকাগামী গাড়ির চাপ অব্যাহত থাকলেও টাঙ্গাইলগামী গাড়ির চাপ অনেকটা কমেছে।