ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুটি দুর্ঘটনা, যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ও নিশ্চিন্তপুর এলাকায় গতকাল মঙ্গলবার পৃথক দুর্ঘটনা ঘটেছে। এসব সড়ক দুর্ঘটনায় শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এতে উপজেলার পল্লী বিদ্যুৎ থেকে কোনাবাড়ী পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নিশ্চিন্তপুর এলাকায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় সড়কের সফিপুর বাজার এলাকায় চন্দ্রাগামী যাত্রীবাহী একটি লেগুনা ও গাজীপুরগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসব ঘটনায় দুটি ট্রাক ও লেগুনার চালক, তাঁদের সহযোগী, এক শিশুসহ কমপক্ষে ২০ যাত্রী আহত হয়। এ সময় উপজেলার পল্লী বিদ্যুৎ থেকে কোনাবাড়ী পর্যন্ত মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে পাঠায়। ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত চারটি গাড়ি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈরগামী একটি বাসের যাত্রী আসলাম হোসেন বলেন, দুটি সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া উল্টো পথে গাড়ি চালানোর কারণে সড়কে যানজট লেগেই থাকে।
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।