ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে যানজট আরও বেড়ে গেছে। রাত সোয়া ১১ টার দিকে মহাসড়কে মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার সীমান্তবর্তী মহেড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে মির্জাপুর বাইপাস বাসস্টেশনের অদূরে ডাকাতির ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, ঢাকাগামী আনারস বোঝাই একটি ট্রাক সামনে থাকা একটি বাসকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এতে ট্রাকের ওপরে থাকা কয়েকজন পড়ে আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক সড়কের ওপর থেকে সরিয়ে যানজট নিরসনের চেষ্টা চলছে।

এদিকে রাত ১২টায় এ প্রতিবেদন লেখার সময় ওই এলাকা ছাড়াও মির্জাপুর থেকে গোড়াই পর্যন্ত রাস্তায় ঢাকার দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে মির্জাপুর উপজেলা সদরের গাড়াইল এলাকার বাসিন্দা খালেদা সিদ্দিকী স্বপ্না (৪৫), তাঁর ভাই রেজাউল করিম সিদ্দিকীকে নিয়ে আত্মীয় বাড়ি থেকে পিকআপযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। মির্জাপুর বাইপাস বাসস্টেশনের অদূরে টাঙ্গাইলগামী একটি মাইক্রোবাস তাঁদের বহন করা পিকআপের সামনে আড়াআড়ি রেখে গতিরোধ করে। এরপর মাইক্রোবাস থেকে ৬-৭ জন নেমে তাদের বেধড়ক পিটিয়ে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে টাঙ্গাইলের দিকে চম্পট দেয় বলে খালেদা সিদ্দিকী জানিয়েছেন। ডাকাতদের পিটুনিতে তিনি, তাঁর স্বামী আনোয়ার হোসেন, ছেলে সজল (১৫), মেয়ে স্বর্ণা আক্তার (৯), ভাতিজি ইরিন (৯) ও বাবা খালেক সিদ্দিকী (৬৫) আহত হয়েছেন। তাঁরা স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।