ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রচণ্ড যানজট, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদু্যৎ এলাকায় যানজটে যানবাহন আটকে থাকায় অনেক যাত্রী হেঁটে গন্তব্যে চলে যান। গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে তোলা ছবি l প্রথম আলো
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদু্যৎ এলাকায় যানজটে যানবাহন আটকে থাকায় অনেক যাত্রী হেঁটে গন্তব্যে চলে যান। গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে তোলা ছবি l প্রথম আলো

গাজীপুরের ভোগড়া থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পর্যন্ত ১৫ কিলোমিটারজুড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল মঙ্গলবার প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকা পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
এলাকাবাসী, যাত্রী ও পরিবহনশ্রমিকেরা বলেন, গতকাল সকাল ১০টার দিকে এ সড়কে যানজট শুরু হয়। এরপর গাজীপুরের ভোগড়া, কড্ডা, কোনাবাড়ী, কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা এলাকায় দীর্ঘ সারিতে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনকে ঠাঁই দাঁড়িয়ে থাকতে হয়েছে। গতকাল রাত ১০টা পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত ছিল। খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ মহাসড়কের যানজট নিরসনে কাজ শুরু করে।
পরিবহনশ্রমিক ও যাত্রীরা অভিযোগ করেন, পুলিশের দায়িত্বে অবহেলার কারণে যানজট এতটা তীব্র আকার ধারণ করে। তবে সড়কের কোনাবাড়ী এলাকায় ওভারব্রিজের নির্মাণকাজ, সড়ক থেকে বর্জ্য অপসারণ ও গাড়ি বিকলের কারণে যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, ওই মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ী এলাকায় চার লেন সড়কের ওভারব্রিজের কাজ চলছে। ফলে যানবাহনকে সড়কের এক পাশ দিয়ে ধীরগতিতে চলতে হচ্ছে। কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় দুপুরে সড়কের মাঝখানে একটি লরি বিকল হয়ে গেলে যান চলাচলে বিঘ্ন ঘটে। কিন্তু পরিস্থিতি মোকাবিলায় তেমন কোনো তৎপরতা ছিল না। সড়কে হাইওয়ে পুলিশের উপস্থিতিও ছিল কম। চন্দ্রা থেকে মৌচাক পর্যন্ত এলাকায় হাইওয়ে পুলিশের কোনো সদস্য চোখে পড়েনি।
পল্লী বিদ্যুৎ এলাকায় গতকাল দুপুরে দায়িত্ব পালন করছিলেন কালিয়াকৈরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, সকাল থেকেই যানজট সৃষ্টি হয়েছে। খবর পেয়ে থানা-পুলিশ পরিস্থিতি মোকাবিলায় সাধ্যমতো কাজ করে যাচ্ছে।
উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে কথা হয় পাথরভর্তি ট্রাকের চালক মোহাম্মদ আলী সঙ্গে। তিনি বলেন, তিনি রাজশাহী থেকে এসেছেন, যাবেন গাজীপুরের চৌরাস্তা এলাকায়। যানজটের কারণে এ স্থানেই বসে আছেন দুই ঘণ্টা।
জানতে চাইলে সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ওসি আবু দাউদ প্রথম আলোকে বলেন, ওভারব্রিজের নির্মাণকাজ, সড়ক থেকে বর্জ্য অপসারণ ও গাড়ি বিকল তো আছেই। এর ওপর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট বন্ধ থাকায় ওই সড়কের সব যান এখন কালিয়াকৈরের চন্দ্রা হয়ে ঢাকায় যাচ্ছে। সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়ছে। তবে যানজট মোকাবিলায় তাঁরা কাজ করে যাচ্ছেন।