ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিকেল থেকে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ শনিবার বিকেল থেকে এ যানজটের সৃষ্টি হয়। তবে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে থেমে থেমে গাড়ি চলছিল।

পুলিশ ও ঢাকাগামী কয়েকজন বাসযাত্রী বলেন, গতকাল দুপুরের পর থেকে মহাসড়কে হঠাৎ যানবাহনের চাপ বেড়ে যায়। মহাসড়কের দেওহাটাতে রাস্তা বাঁকা ও বাসস্টেশন, ধেরুয়াতে রেল ক্রসিংয়ে ট্রেন চলাচলের সময় যান চলাচল বন্ধ এবং গোড়াই শিল্পাঞ্চল এলাকায় রাস্তার পাশে বাজার কারখানা খোলায় শ্রমিকের রাস্তা পারাপারের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে। ফলে যানজটের সৃষ্টি হয়। বিকেলে একপর্যায়ে যানজট মির্জাপুর থেকে গাজীপুরের কালিয়াকৈর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়। তবে সাড়ে সাতটার দিকে মহাসড়কে যানবাহন থেমে থেমে চলছিল।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, মির্জাপুর থেকে কালিয়াকৈর পর্যন্ত যানবাহনের প্রচুর চাপ রয়েছে। পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করে যাচ্ছে।