ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গতকাল বুধবার রাত তিনটা থেকে সৃষ্ট এ যানজট এখনো আছে।
মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের স্কয়ার এলাকা থেকে জামুর্কী পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার সড়কে ঢাকার দিকে যানবাহনগুলো থেমে থেমে চললেও টাঙ্গাইলের দিকের যানবাহনগুলো সড়কে থেমে আছে।
টাঙ্গাইলগামী বাস যাত্রী চাঁন মাহমুদ মিয়া বলেন, আজ সকাল আটটায় মির্জাপুর বাসস্ট্যান্ডে এসে বাসের জন্য এক ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন। একটি বাস পেলেও গত ৫০ মিনিটে মাত্র দুই কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এস আই) আলমগীর হোসেন বলেন, ঢাকার দিকে যানবাহন থেমে থেমে চললেও টাঙ্গাইলের দিকে অনেকটা স্থবির হয়ে আছে। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এস আই গোলাম কিবরিয়া বলেন, ঘন কুয়াশার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে।