ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গতকাল সোমবার দিবাগত রাতে ঘন কুয়াশার কারণে এ যানজট সৃষ্টি হয় বলে জানা গেছে। আজ বেলা ১১টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের ক্যাডেট কলেজ এলাকা থেকে কদিম ধল্যা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের খবর পাওয়া গেছে।
পুলিশ ও ভুক্তভোগী যানবাহনের চালকেরা জানান, মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। এর মধ্যে গতকাল গভীর রাতে হঠাৎ ঘন কুয়াশা শুরু হয়। রাত সাড়ে তিনটার দিকে তা বেড়ে যায়। এতে মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালকেরা ঠিকমতো যান চালাতে পারেননি। এতে যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে গাজীপুরের চন্দ্রা থেকে মির্জাপুরের জামুর্কী পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট বিস্তৃত হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার পর থেকে যানজট কমতে শুরু করে।
সকাল নয়টার দিকে চট্টগ্রাম থেকে টাঙ্গাইলগামী বিপুল এন্টারপ্রাইজের যাত্রী আরফান মিয়া বলেন, চন্দ্রাতে বাসটি যানজটে পড়ে। সেখান থেকে মির্জাপুর পর্যন্ত মাত্র ৩০ থেকে ৩৫ মিনিটের রাস্তা পাড়ি দিতে দুই ঘণ্টা সময় লাগে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, ঘন কুয়াশার কারণে রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে কিছুটা জটের সৃষ্টি হয়। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।