ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাত থেকে শুরু হওয়া এ যানজট আজ শনিবার সকাল নয়টায় প্রতিবেদন পাঠানো পর্যন্ত অব্যাহত রয়েছে।
এতে মির্জাপুর উপজেলার আছিমতলা থেকে গোড়াই শিল্পাঞ্চলের ক্যাডেট কলেজ এলাকা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকায় যানজটে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। মালবোঝাই ট্রাক সময়মতো গন্তব্যে যেতে পারছে না।
ঢাকাগামী বাসের চালকের সহকারী মোসলেম উদ্দিন জানান, যানজটের কারণে মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী এলাকায় একই স্থানে আজ ভোররাত চারটা থেকে সকাল সোয়া আটটা পর্যন্ত দাঁড়িয়ে থাকে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, গতকাল সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ বাড়ে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।