ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জাপুরের ইতাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। ছবিটি সকাল সাড়ে নয়টার দিকে তোলা। ছবি: সোহেল মহসিন, মির্জাপুর
মির্জাপুরের ইতাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। ছবিটি সকাল সাড়ে নয়টার দিকে তোলা। ছবি: সোহেল মহসিন, মির্জাপুর

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুর্ণী থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত এলাকায় যানজট দেখা দিয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দৃশ্য দেখা গেছে।
ট্রাফিক পুলিশ, চালক ও যাত্রীদের ভাষ্য, গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে এই যানজটের সূত্রপাত হয়।

চালক ও যাত্রীদের বিবরণ অনুযায়ী, রাতে চন্দ্রার কাছে মহাসড়ক সংস্কারের কাজকে কেন্দ্র করে যানজটের শুরু। পরে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ এবং দুর্ঘটনার কারণে আজ সকাল নাগাদ এই যানজট তীব্র আকার ধারণ করে।

পুলিশ জানায়, ভোররাত সাড়ে তিনটার দিকে টাঙ্গাইলের করটিয়া বাইপাসে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকালের দিকে মহাসড়ক থেকে ট্রাক দুটি সরিয়ে নেয় পুলিশ। এরপর মহাসড়ককে যান চলাচল শুরু হয়।

সকাল আটটার দিকে মির্জাপুরের শুভুল্যা এলাকায় যাত্রীবাহী একটি বাস বিকল হয়। এতে আবার যানজট সৃষ্টি হয়। সকাল সাড়ে নয়টার দিকে বাসটিকে সরিয়ে নেওয়া হলে যানচলাচল শুরু হয়।
মির্জাপুরের ট্রাফিক পরিদর্শক সাজেদুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।