ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের ভোগড়া থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে এই দৃশ্য দেখা গেছে।
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার রাতে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় একটি ট্রাক বিকল হয়ে গেলে যানজট লাগে। সেই যানজট কাটেনি এখনো। কিছু এলাকায় থেমে থেমে যানবাহন চলছে।
কালিয়াকৈর এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, চন্দ্রা থেকে মৌচাক যেতে সময় লাগে ১০-১২ মিনিটি। সেখানে যানজটের কারণে আজ সময় লেগেছে প্রায় দেড় ঘণ্টা। এ সময় অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
ওসি মোহাম্মদ দাউদ বলেন, যানজট নিরসনে হাইওয়ে ও থানার পুলিশ কাজ করে যাচ্ছে।