ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কমছে যানজট

গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের নাটিয়াপাড়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট হয়। আজ শনিবার ভোর পাঁচটা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট শুরু হয়। বেলা তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে গাড়ি চলছে।
সকালে মির্জাপুরের ট্রাফিক পরিদর্শক সাজেদুল ইসলাম বলেন, ভোর চারটার দিকে নাটিয়াপাড়াতে হাইপ্রেসার সিএনজি স্টেশনের সামনে একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এরপর যানজট শুরু। কিছুক্ষণ পর বাস ও ট্রাকটি সরিয়ে নিলেও যানবাহনের চাপ বাড়তে থাকে। তাই যানজট কমেনি।
সকাল ১০টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসচালক মো. মিলন বলেন, গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে কুড়িগ্রাম থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকায় পৌঁছার কথা। কিন্তু চারটার দিকে তিনি মির্জাপুরের পাকুল্লায় যানজটে আটকা পড়েন। সেখানেই আটকে আছেন।
একই সময়ে গরু বোঝাই ট্রাকের চালক জাহেদুল বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকার কেরানীগঞ্জে যাচ্ছেন। চারটার সময় সিরাজগঞ্জ থেকে রওনা হয়েছেন। এলেঙ্গা পার হতেই যানজটে পড়েন। সাড়ে সাতটা থেকে মির্জাপুরে আটকে আছেন।
বেলা তিনটার দিকে আমাদের প্রতিনিধি জানান, মহাসড়কে যানজট কিছুটা কমেছে। থেমে থেমে গাড়ি চলছে।