ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে দুর্ভোগ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল শুরু করা, ঘরমুখী যাত্রীদের নিয়ে আসা যানবাহনের চাপ বাড়াসহ নানা কারণে এই সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে গত সোমবার গভীর রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
জানা গেছে, ঈদের পর গত রোববার পর্যন্ত মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যান না চললেও সোমবার বিকেল থেকে তা চলাচল বৃদ্ধি পায়। এ ছাড়া ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করা মানুষের ভিড়ও অন্যান্য দিনের চেয়ে সোমবার বেড়ে যায়। ফলে সোমবার সন্ধ্যার পর থেকে মহাসড়কে মির্জাপুর উপজেলার গোড়াই, ধেরুয়া, দেওহাটা, মির্জাপুর, শুভুল্যা ও পাকুল্যা এলাকায় থেমে থেমে যানজট লাগে। রাতে যানবাহন খুবই ধীরগতিতে চলতে থাকলেও এ পর্যায়ে যানজট টাঙ্গাইলের করটিয়া পর্যন্ত বিস্তৃত হয়। এর মধ্যে গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর-বোর্ডঘর এলাকায় বিপরীতমুখী দুটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ প্রায় এক ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত যান দুটি রাস্তার ওপর থেকে সরিয়ে নিলে যানবাহন চলতে শুরু করে। এর মধ্যে সকাল আটটার দিকে মির্জাপুরের দুল্যা মনসুর এলাকায় ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটির অর্ধেকের বেশি অংশ রাস্তার ওপর আটকা পড়ে। এতে এক পাশ দিয়ে যানবাহন চললেও ঢাকাগামী যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়। সকাল সাড়ে নয়টার দিকে বাসটি রাস্তার ওপর থেকে সরিয়ে নিলে মহাসড়কে যানবাহন চলাচল শুরু করলে সকাল ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ডিপজল এন্টারপ্রাইজের চালক মো. আজিজুল হক বলেন, গত সোমবার রাত সাড়ে ১০টায় সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। ভোর পাঁচটার দিকে ঢাকায় পৌঁছার কথা থাকলেও বঙ্গবন্ধু সেতু পাড়ি দিয়ে যানজটে পড়ার কারণে সকাল সাড়ে আটটায়ও মির্জাপুর অতিক্রম করতে পারেননি।
মির্জাপুর থেকে ঢাকাগামী বাসযাত্রী শাওন জানান, সকাল সাড়ে ১০টায় তাঁর ঢাকার গুলশানে থাকার কথা ছিল। ওই সময়ের মধ্যে গুলশান পৌঁছানোর জন্য সকাল সাতটায় মির্জাপুর থেকে বাসে ওঠেন। কিন্তু সাড়ে আটটার পরও তিনি মির্জাপুর ছাড়তে পারেননি।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, দুর্ঘটনা ও বৃষ্টির কারণে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। তবে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ কাজ করেছে।